Tuesday, May 15, 2018
‘স্যাটেলাইটের মালিক কোন দুজন বিএনপিকে প্রমাণ দিতে হবে’
স্যাটেলাইটের মালিক কোন দুজন, বিএনপির কাছে তার তথ্যপ্রমাণ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তথ্যপ্রমাণ দিতে না পারলে বিএনপিকে উচ্চমূল্য দিতে হবে বলে হুশিয়ারি করেন তিনি।
স্যাটেলাইট নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জাতির সাফল্যকে মেনে নিতে পারে না, হীনমন্যতায় তাদের কোনো জুরি নেই। আমি তো আগেই বলেছি- তাদের দেশপ্রেম নিয়েও মানুষ সন্দেহ করতে শুরু করেছে।
কাদের বলেন, এই স্যাটেলাইটের মালিক বাংলাদেশ এবং দেশের ১৬ কোটি মানুষ। আমরা বিএনপিকেও এর সঙ্গে যুক্ত করি। কিন্তু বিএনপি এটাকে কেন দুজন মানুষের কাছে নিচ্ছে? কোন সেই দুজন মানুষ? এর তথ্যপ্রমাণ বিএনপিকে দিতে হবে। যদি না দিতে পারে তার জন্যও তাদের উচ্চমূল্য দিতে হবে।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিকালে ধানমণ্ডি-৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, আমাদের অনেক ছোট মাঝারি অর্জনের সঙ্গে কতগুলো বড় বড় বিজয়ও হচ্ছে। মোটাদাগে বলতে গেলে তিনটির কথা বলতে হয়। সীমান্ত বিজয়, সমুদ্র বিজয় এবং এখন হচ্ছে মহাকাশ বিজয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্লোরিডার অরলেন্ডো ক্যানেডি স্পেস সেন্টার থেকে যে ঐতিহাসিক শুভযাত্রা সূচনা করল সেটা এখন অন দ্য ওয়ে টু অরবিট। এটা আমাদের জন্য বিশাল বিষয়।
তিনি বলেন, বিশেষ করে যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত। এত দিন আমরা ভাড়া করে স্পেস নিয়ে সম্প্রচার করতাম। এখন আমরা নিজেরাই নিজেদের সামর্থ্য দিয়ে সম্প্রচার করতে পারব এবং আমাদের যেটা সাশ্রয় হবে, সেটা এক্সপোর্ট করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের স্বর্ণ দুয়ার উন্মোচিত হলো। তার মানে সমৃদ্ধির আরেকটি ধাপ আমরা অতিক্রম করলাম। এটা শুধু বিজয় নয়, এটা ঐতিহাসিক বিজয়। শুধু সাফল্য নয়, ঐতিহাসিক সাফল্য।
খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপির এ অভিযোগ পুরোনো। এটা তাদের ভাঙা রেকর্ড। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজশাহী, সিলেট, বরিশালসহ ৫ সিটিতে তারা জিতেছিল। কিন্তু তারপরও তারা রেজাল্ট নিয়েও নালিশ করেছিল। কাজেই এটা তাদের পুরনো অভ্যাস।
এদিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
Subscribe to:
Post Comments (Atom)
Blogspot Example
-
কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে বুকে গুলি লাগে আশিকুর রহমানের। গুলিতে তাঁর যকৃৎ ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এখনো শরীরের ভেতরে রয়ে গেছে গ...
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে গত শুক্রবার সিরিয়ার তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। কিন্...
-
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি ধারাবাহিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযো...

No comments:
Post a Comment